বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:১০ অপরাহ্ন

জৈন্তাপুরে নৌকা ডুবিতে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট / ৩৩৭ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
জৈন্তাপুরে নৌকা ডুবিতে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার
Oplus_131072

সিলেটের জৈন্তাপুর উপজেলায় নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ হওয়া বারকি শ্রমিক জিল্লুর রহমান দিলুর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জিল্লুর রহমান দিলু জৈন্তাপুর উপজেলার রুপচ্যাং এলাকার বাসিন্দা।

সোমবার ভোর ৬টার দিকে উপজেলার শ্রীপুর পাথর কুয়ারী সংলগ্ন নদীতে তার অর্ধগলিত লাশ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

জানা যায়, গত ২৫ এপ্রিল রাত ৯টার দিকে উপজেলার শ্রীপুর পাথর কুয়ারী এলাকায় সীমান্তবর্তী ১২৮০ নম্বর পিলারের কাছে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে যায়। নৌকায় থাকা দুই শ্রমিকের মধ্যে জিল্লুর রহমান দিলু নিখোঁজ হন এবং তার সহকর্মী রুবেল সাঁতরে তীরে উঠে প্রাণে বেঁচে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহতের বড় ভাইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি মামলা) দায়ের করা হয়েছে।


এই বিভাগের আরো খবর