‘সামনে পরীক্ষা, প্রস্তুতি ভালো হয়নি’ এবং ‘স্বপ্নটা পূরণ করতে পারলাম না’—এমন দুশ্চিন্তার কথা জানিয়ে মা-বাবার উদ্দেশে চিরকুট লিখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শরিফা ইসলাম (২০) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার উনিশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শরিফা ওই গ্রামের নুরুল ইসলামের মেয়ে এবং কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ির পেছনে শরিফাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শরিফার বোন মাহমুদা খানম বলেন, শরিফা মেধাবী ছাত্রী ছিল। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে তার অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। পরীক্ষার প্রস্তুতি ভালো না হওয়ায় সে দুশ্চিন্তায় ছিল।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শরিফার পড়ার টেবিল থেকে মা-বাবার উদ্দেশে লেখা একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে পরীক্ষার প্রস্তুতি, ফলাফল এবং নিজের স্বপ্ন পূরণ করতে না পারার বিষয়ে উদ্বেগের কথা উল্লেখ ছিল।
চিরকুটে বাবার উদ্দেশে শরিফা লেখে, তার বাবা সন্তানদের শিক্ষিত করার যে স্বপ্ন দেখেছিলেন, নিজের পড়াশোনা শেষ করে সে সেই স্বপ্ন পূরণ করতে পারেনি বলে তার মনে হচ্ছিল। পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ না হওয়া এবং ভালো ফল করতে না পারার আশঙ্কার কথাও সেখানে উল্লেখ করা হয়।মায়ের উদ্দেশে লেখা অংশে শরিফা নিজের প্রতি মা-বাবার শাসন ও সহযোগিতার কথা উল্লেখ করে দুঃখ প্রকাশ করে। একই সঙ্গে মা-বাবার প্রতি ভালোবাসার কথাও জানায় সে।
কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রিন্স আহমেদ বলেন, শরিফা কবিতা আবৃত্তি, বিতর্ক ও খেলাধুলায় সক্রিয় ছিল। গত ১০ সেপ্টেম্বর বিতর্ক সংসদের আয়োজনে সে ভালো বিতর্ক করেছিল এবং তাকে প্রশংসা করা হয়েছিল। তার এমন মৃত্যুতে তিনি বিস্মিত।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে।পরীক্ষার প্রস্তুতি নিয়ে মানসিক চাপ থেকেই শরিফার এমন মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।